পাকিস্তানি নাগরিকদের জন্য ভিজিট ভিসা পুনরায় চালু করল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত পুনরায় পাকিস্তানি নাগরিকদের জন্য ভিজিট ভিসা ইস্যু করার প্রক্রিয়া শুরু করেছে। নিবন্ধিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তা ও জটিলতার অবসান ঘটেছে। বিশেষ করে যেসব পাকিস্তানি পরিবার এতদিন ধরে ভিসা প্রক্রিয়াকরণের দীর্ঘসূত্রতা ও কঠোর যাচাই-বাছাইয়ের কারণে ভোগান্তিতে ছিলেন, এই সিদ্ধান্ত তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
দুবাইস্থ বিভিন্ন ট্রাভেল ইন্ডাস্ট্রি প্রতিনিধি এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তাদের মতে, ভিসা ইস্যুর এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করবে। বর্তমানে প্রায় ১৮ লাখ পাকিস্তানি নাগরিক সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন, যা তাদের জন্য অন্যতম প্রধান বৈদেশিক গন্তব্য হিসেবে বিবেচিত হয়। এই নতুন উদ্যোগের ফলে পাকিস্তানি নাগরিকদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করা সহজতর হবে এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের সাবেক চেয়ারম্যান এবং অ্যারোমা ট্রাভেলসের প্রধান নির্বাহী মুহাম্মদ নাদিম শরিফ জানান, সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন পরিবারসহ ভ্রমণকারী পাকিস্তানি পর্যটকদের ভিসা প্রদান করছে। তিনি এই পদক্ষেপকে একটি ইতিবাচক উন্নয়ন হিসেবে বর্ণনা করে বলেন, যেসব আবেদনকারী সপরিবারে ভ্রমণ করছেন অথবা দেশটিতে বসবাসরত আত্মীয়দের কাছে যাচ্ছেন, তারা এখন দ্রুত ভিসা পাচ্ছেন। তার মতে, আঞ্চলিক উত্তেজনার পর পর্যটন প্রচারণাও আবার নতুন করে গতি পেয়েছে এবং যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়ছে।
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ অভিবাসন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দুবাইগামী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গ্রীষ্মের শুরুতে পাকিস্তান থেকে দুবাইগামী যাত্রীর সংখ্যা দৈনিক প্রায় ১৭০ জন থাকলেও জুলাই মাসের শেষ নাগাদ তা ৪০০ জনে উন্নীত হয়েছে। এই পরিসংখ্যানেই দুই দেশের মধ্যে ভ্রমণের চাহিদায় স্থিতিশীল উন্নতির প্রতিফলন স্পষ্ট হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
