কর্ণফুলী চ্যানেলে আটকে পড়া জাহাজ উদ্ধার স্বাভাবিক বন্দর কার্যক্রম

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর নেভিগেশন চ্যানেলে আটকা পড়া কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার করা হয়েছে। সোমবার দিনভর উদ্ধার তৎপরতা শেষে সাতটি টাগবোটের সমন্বিত অভিযানে জাহাজটিকে নিরাপদে সরিয়ে বন্দরের বহির্নোঙরের ‘বি’ অ্যাঙ্করেজে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর থেকে বন্দর এলাকায় পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ায় বন্দরের দৈনন্দিন কার্যক্রমে এখন আর কোনো জটিলতা নেই। সোমবার দুপুর ২টার দিকে চীনের শিকৌ বন্দর থেকে আসা মাল্টার পতাকাবাহী ১৭০ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী চ্যানেলে প্রবেশের সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে নদী মোহনার সংলগ্ন রিটেইনিং ওয়ালে আটকে যায়।
দুর্ঘটনার কবলে পড়া জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস কন্টেইনারসহ মাস্টারসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। জাহাজটির গভীরতা ৯ দশমিক ৫০ মিটার এবং স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে এপিএল বাংলাদেশ। বিপদের খবর পাওয়ার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়। অভিযানে বন্দরের চারটি টাগবোটের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড ও কর্ণফুলী টানেলের একটি করে টাগবোট অংশ নেয়।
উল্লেখ্য যে, দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়েই সম্পন্ন হয়। ফলে জাহাজটি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার হওয়ায় বন্দরের কার্যক্রমে বড় ধরনের কোনো স্থবিরতা সৃষ্টি হয়নি এবং বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
