AdvertisementAdvertisement

দাগনভূঞায় গৃহকর্তাকে অবরুদ্ধ করে কৃষক মোহাম্মদের ৫ গরু চুরি

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তের একটি দল কৌশলে বাড়িতে প্রবেশ করে। চোরেরা চুরির সময় পরিবারের সদস্যদের বসতঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়, ফলে তারা দীর্ঘক্ষণ অবরুদ্ধ অবস্থায় ছিলেন। ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে সদস্যরা দরজা খুলতে ব্যর্থ হয়ে প্রতিবেশীদের সহায়তা নিলে বিষয়টি জানাজানি হয়।

Advertisement
বিজ্ঞাপন

বাইরে বেরিয়ে পরিবারের সদস্যরা গোয়ালঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান, সেখানে থাকা পাঁচটি গরু নেই। প্রবাস থেকে ফিরে কৃষিকাজের পাশাপাশি এই গরু পালনই ছিল ভুক্তভোগী মোহাম্মদ হোসেনের উপার্জনের মূল পথ।

এ ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। চুরি যাওয়া গরুগুলো দ্রুত উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%