মিরসরাইয়ে পিকআপ চাপায় খতিব ও মুয়াজ্জিনসহ নিহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। মাওলানা জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব এবং জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা জয়নাল আবেদিন ও মুয়াজ্জিন জহির উদ্দিন মোটরসাইকেলযোগে বারইয়ারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং প্রাণ হারান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে।
নিহত মাওলানা জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ওলামা দলের দায়িত্বশীল নেতা ছিলেন এবং সরকারি ভাতাসংক্রান্ত কাজে আলোচনার জন্য তারা স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় দোষী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
