জইশ জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, হানিট্র্যাপের ছক নিয়ে উদ্বেগে এসটিএফ

জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে ধৃত মহম্মদ হামিম মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা সরকারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। শুক্রবার গ্রেফতারের কয়েক ঘণ্টা পরেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে আটক করে গোয়েন্দারা। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে।
গোয়েন্দা সূত্রের খবর, অর্পিতাকে হানিট্র্যাপের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তি ও আমলাদের ফাঁদে ফেলার সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রাথমিক জেরায় জইশ জঙ্গি হামিম স্বীকার করেছে যে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রলোভনে ফেলে তাঁদের কাছ থেকে সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল লক্ষ্য। অর্পিতার সঙ্গে পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনের গভীর যোগাযোগ রয়েছে বলেও তদন্তকারীদের কাছে তথ্য এসেছে।
এরই মধ্যে শুক্রবার কঠোর নিরাপত্তার বলয়ে হামিমকে আদালতে তোলা হয়েছিল। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে পশ্চিমবঙ্গে সক্রিয় এই নেটওয়ার্কের গভীরতা বুঝতে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় এসটিএফ, যা আদালত মঞ্জুর করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে।
শনিবার অর্পিতাকে আদালতে পেশ করে তাকেও ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ। শুক্রবার রাতেই তাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। অর্পিতাকে জেরা করে এই হানিট্র্যাপের জালে ইতিমধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি বা আমলা জড়িয়ে পড়েছেন কি না এবং তাদের সম্ভাব্য লক্ষ্য কারা ছিল, তা বিস্তারিত জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ভারতের এই জঙ্গি নেটওয়ার্কের শিকড় কতদূর বিস্তৃত, তা উদ্ঘাটন করাই এখন তদন্তের প্রধান লক্ষ্য।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
