কুলগামে পরিযায়ী শ্রমিকদের ওপর জঙ্গি হামলা, নিহত ১

জম্মু ও কাশ্মীরের কুলগামে শুক্রবার সন্ধ্যায় এক ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন এক পরিযায়ী শ্রমিক এবং আহত হয়েছেন আরও একজন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কুলগামের কেলাম এলাকার একটি ইটভাটায় অতর্কিতে এই হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
এনডিটিভির তথ্যমতে, হামলার শিকার শ্রমিকদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের বাড়ি ছত্তিশগড়ে এবং আহত অপর শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে আহত ওই শ্রমিককে অনন্তনাগের জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও নাশকতার ছায়া দীর্ঘায়িত হচ্ছে। এর আগে গত ২২ জুলাই অনন্তনাগের ব্যস্ত লালচক এলাকায় অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় ভারতীয় রিজার্ভ পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের হেড কনস্টেবল আশিক হুসেনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই ধরনের একের পর এক হামলার ঘটনায় সমগ্র অঞ্চলে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
