পাক কনস্যুলার সেবা ডিজিটালাইজেশন ও সময়সীমা বৃদ্ধির নির্দেশ উপ-প্রধানমন্ত্রীর

পাকিস্তানের কনস্যুলার সেবাকে অধিকতর গতিশীল, স্বচ্ছ এবং জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার রাজধানী ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন। নাগরিকদের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দিতে বিদ্যমান ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন তিনি।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান সেবা কার্যক্রমের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপ-প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সরকারি তথ্য অনুযায়ী, কনস্যুলার সেবাগুলোকে পর্যায়ক্রমে ডিজিটালাইজেশনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সকাল ও সন্ধ্যা—দুই শিফটে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
সিনেটর মোহাম্মদ ইসহাক দার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, কনস্যুলার ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিক করার মাধ্যমে এর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সাধারণ নাগরিকরা যাতে স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে মানসম্মত সেবা পান, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
জনসেবার মানোন্নয়নে পাকিস্তান সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন উপ-প্রধানমন্ত্রী। তিনি কনস্যুলার ব্যবস্থার কার্যকারিতা ও দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
