সেপ্টেম্বরে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা

মাদক ও সন্ত্রাসসহ সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এই লক্ষ্যেই সরকার ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত সূচি পরিবর্তন করে প্রতিযোগিতাটি আগামী সেপ্টেম্বর মাসে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রতিযোগিতাটি শুরুর কথা থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাদেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। সর্বমোট ১ কোটি ৬০ লাখেরও বেশি শিক্ষার্থী এই বিশাল কর্মযজ্ঞে সম্পৃক্ত হচ্ছে। উপজেলা ও থানা পর্যায় থেকে শুরু হয়ে বাছাইকৃত দলগুলো পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বালক ও বালিকা—উভয় বিভাগে চারটি দল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
জাতীয় পর্যায়ে দক্ষ ফুটবলার তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। একইসঙ্গে ক্রীড়া অর্থনীতির প্রসার, ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা এবং নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করছে সরকার। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় জমকালো ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা নামবে।
