লিবিয়ার বাজারে যাত্রা শুরু করল বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন

বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে ১০০টি দেশের বাজারে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এই বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে এবার উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় নিজেদের ব্যবসায়িক নেটওয়ার্কের নতুন দিগন্ত উন্মোচন করল প্রতিষ্ঠানটি। লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বিপণনের লক্ষ্যে সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আসর আল টেকনিয়া’ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজ পিএলসি-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।
উক্ত চুক্তিতে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং আসর আল টেকনিয়ার ম্যানেজিং ডিরেক্টর আল সাদিক আল তাহির আল সগীর কারাহ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এই চুক্তির আওতায় আসর আল টেকনিয়া লিবিয়ায় ওয়ালটনের অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে লিবিয়ার গ্রাহকরা এখন থেকে ওয়ালটনের উচ্চ গুণগতমানসম্পন্ন ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং ওয়াশিং মেশিনের মতো আধুনিক প্রযুক্তিপণ্যসমূহ সরাসরি কেনার সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, গ্লোবাল বিজনেস ডিভিশনের ডেপুটি হেড সাইয়েদ আল ইমরান এবং লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আবদুল লতিফ প্রামাণিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ব্যবসায়িক অংশীদারিত্ব প্রসঙ্গে ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আবদুর রউফ জানান, উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ডিজাইন, পরিবেশবান্ধব ও টেকসই গুণমান এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন ক্রমাগত গ্রহণযোগ্যতা অর্জন করছে।
বর্তমানে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস বিশ্বের ৫৫টি দেশে বিস্তৃত হয়েছে এবং লিবিয়ার অন্তর্ভুক্তি এই অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করল। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয়ে বিশ্বমানের পণ্য উৎপাদন নিশ্চিত করার মাধ্যমে বৈশ্বিক ইলেকট্রনিক্স বাজারের প্রতিযোগিতায় ওয়ালটন অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। লিবিয়ার বাজারে এই নতুন যাত্রার ফলে বিশ্বজুড়ে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ড ইমেজ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।