১৮ আগস্ট ঢাকায় বসছে ক্যারিয়ার সামিট ও চাকরি মেলা ২০২৬

আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার-২০২৬। আকিজ রিসোর্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সটজবজ আয়োজিত এই মেলায় এক শর অধিক দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলা চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
দিনব্যাপী এই আয়োজন দুটি অংশে বিভক্ত থাকবে। কৃষিবিদ ইনস্টিটিউশনের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট, যেখানে ব্যবসায়িক নেতৃবৃন্দ ও শিল্প বিশেষজ্ঞরা প্যানেল আলোচনার মাধ্যমে বর্তমান শ্রমবাজারের গতিপ্রকৃতি, নেতৃত্ব গঠন এবং পেশাগত উন্নয়নের নানা দিক নিয়ে আলোকপাত করবেন। একই সময়ে কনভেনশন হল-১ এ চলবে চাকরি মেলা, যেখানে প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন।
চাকরি মেলাটি শিক্ষার্থী, সদ্য স্নাতক এবং অভিজ্ঞ পেশাজীবীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনে ইন্টারঅ্যাকটিভ সেশন, র্যাফেল ড্র এবং নেটওয়ার্কিংয়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা প্রার্থীদের চাকরির বাজারে নিজেদের অবস্থান সংহত করতে সহায়তা করবে। এছাড়া নেক্সটজবজ লার্নিংল্যাবের পক্ষ থেকে দক্ষতা উন্নয়ন ও সার্টিফিকেশন কর্মসূচির তথ্য সরবরাহ করা হবে, যা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নেক্সটজবজ রিসোর্স বিশেষ সেবা হিসেবে হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা এবং স্টাফিং সলিউশন নিয়ে কাজ করবে। পাশাপাশি ঊর্ধ্বতন নির্বাহী পর্যায়ে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য থাকবে বিশেষ সুযোগ ও দিকনির্দেশনা। মেলায় প্রবেশের জন্য নেক্সটজবজ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ভেন্যুতে কিউআর কোড স্ক্যান করে চেকইন নিশ্চিত করতে হবে।