পাকিস্তানে ২৪ জুলাই পর্যন্ত বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে এনডিএমএ

পাকিস্তানের চলমান মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)। আগামী ২৪ জুলাই পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। ভারী বর্ষণের ফলে নদী ও পাহাড়ি ঢলে পানির স্তর আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা ও পার্বত্য অঞ্চলে ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্য অনুযায়ী, গিলগিট-বালতিস্তানের হুনজা, শিগার ও ঘানচে জেলার বিভিন্ন নদী ও সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যার প্রবল আশঙ্কা রয়েছে। একই সাথে আজাদ জম্মু ও কাশ্মীরের ঝিলাম, নীলম ও পুঞ্চ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, কাবুল ও সোয়াতসহ বিভিন্ন অঞ্চলের স্থানীয় নদ-নদীগুলোতেও পানির প্রবাহ হঠাৎ বেড়ে যেতে পারে। পাঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান অঞ্চলের পাহাড়ি ঢল এবং বেলুচিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় নদীগুলোর পরিস্থিতির ওপরও কর্তৃপক্ষ কড়া নজর রাখছে।

নদীগুলোর পানি বৃদ্ধির পাশাপাশি রাওয়ালপিন্ডি, লাহোর, গুজরাট, শিয়ালকোট ও সারগোদাসহ বেশ কিছু প্রধান শহরে জলাবদ্ধতা ও নগর বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ভারতের থেইন, পং ও ভাকরা বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া হলে রাভি ও সুতলজ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে। পাকিস্তানর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেনাভ নদীর মারাল ও ঝিলাম নদীর উচ্চাঞ্চলীয় এলাকাগুলোতে উচ্চ মাত্রার বন্যার ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

পাহাড়ি এলাকাগুলোতে আগামী ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ভূমিধস ও শিলাবৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে চিত্রাল ও গিলগিট-বালতিস্তানের দুর্গম সড়ক ও পার্বত্য পথে চলাচলের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। জাগলোট-স্কারদু রোডসহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ রুটে পাথর ধসে পড়ার সম্ভাবনা থাকায় জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

পাকিস্তানর জেলা প্রশাসনগুলোকে নদী ও খালগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর পাশাপাশি জরুরি উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে নদ-নদী বা প্লাবিত জলধারা পারাপার না হতে এবং আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে এনডিএমএ-র নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%