নীলফামারীতে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২ বরযাত্রী আহত ১৪

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শাল্টিবাড়ি এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী সন্তান জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে বরযাত্রীসহ প্রায় ১৫ জন যাত্রী একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

পথিমধ্যে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বর-কনেসহ অন্তত ১৪ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিজ্ঞাপন

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, আহত বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%