AdvertisementAdvertisement

গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন

বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রামে গতকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ বিল্বগ্রামের মহা সার্বজনীন রাধা গোবিন্দ ও মনসা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে গুরুবাড়ী, বিল্বগ্রাম ও জঙ্গলপট্টি এলাকাসহ আশেপাশের হাজারো নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পদচারণায় মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে।

ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র হালদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল, স্থানীয় বিএনপি নেতা খবির হোসেন সিকদার, শিক্ষক নেতা এস এম জাকির হোসেন, কিরণ চন্দ্র গোস্বামী, সঞ্জয় কুমার দে, জীবন গোস্বামী ও অজয় গোস্বামীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি, পুরোহিত ও ভক্তরা মিলে মন্দির প্রাঙ্গণে পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ফুলের শতাধিক বৃক্ষের চারা রোপণ করেন। এরপর বিকেল ৪টা ১ মিনিটে বিশিষ্ট সমাজসেবক হরিদাস গোস্বামী আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত বিশাল আকৃতির কাঠের রথে স্থাপন করা হয়।

ভক্ত ও পুজারিবৃন্দ ভক্তিভরে রথটি টেনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে ভক্তরা পরম করুণাময়ের আশীর্বাদ কামনায় শোভাযাত্রায় অংশ নেন। উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছিল। সবশেষে সন্ধ্যায় নির্ধারিত গন্তব্যে রথ পৌঁছানোর মধ্য দিয়ে উৎসবের দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%