AdvertisementAdvertisement

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় ভূখণ্ডে প্রৌঢ়ের মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে মিক কন্দ দানী (৬০) নামের এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে পাহাড়ি তুরুং ছড়ার পাথরের খাঁজে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত মিক কন্দ দানী উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় বসবাসের সুবাদে মিক কন্দ দানী প্রায়ই কাজের সন্ধানে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতেন। বুধবার সকাল ১১টার দিকে কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশ্যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে যান। দিনভর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে তার ভাই নিখিল কন্দ সীমান্তের ১২৬০ নম্বর পিলার সংলগ্ন পাহাড়ি এলাকায় তাকে মৃত অবস্থায় খুঁজে পান। নিহতের মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, এটি বিএসএফ বা খাসিয়াদের গুলিবর্ষণের কোনো ঘটনা নয়। প্রাথমিক পর্যবেক্ষণে দুর্ঘটনার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্তসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%