Advertisement

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশুর সলিল সমাধি নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রাধানগর গ্রামের যমুনা নদীতে গোসলে নেমে ইস্রাফিল ও ওসমান গনি নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে নদীতে নামলে তীব্র স্রোতে তারা তলিয়ে যায়। নিখোঁজ ইস্রাফিল স্থানীয় ফিরোজ মিয়ার ছেলে এবং ওসমান গনি শামীম মিয়ার সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিন শিশু একসঙ্গে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় নদীর প্রবল স্রোতে দুই শিশু তলিয়ে যেতে দেখলে অপর শিশুটি দৌড়ে গিয়ে স্থানীয়দের খবর দেয়। ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান শুরু করে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং যমুনার তীরে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুদের কোনো সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত শিশুদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%