সাভারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ছাত্রদল নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী পলাতক

সাভার পৌরসভার ছায়াবিথি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রিয়া মনি নোয়াখালীর মাইজদী থানা এলাকার রৌফ চৌধুরীর কন্যা ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম তার স্ত্রী রিয়াকে হত্যা করে ফ্ল্যাটে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন। রনি ও রিয়া ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। পরিবারের দাবি, রনি পদ পাওয়ার পর থেকেই রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াকে হত্যার বিষয়টি রনি মুঠোফোনে তার মাকে অবহিত করলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত রনি ইসলাম পলাতক রয়েছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক রমজান আলী জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%