মুন্সীগঞ্জে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়কারী ৯ কিশোরকে বাইসাইকেল উপহার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী নয়জন শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে মসজিদমুখী করার লক্ষ্যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন’ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী এই শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

উক্ত আয়োজনে নামাজে নিয়মিত অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আরও ২৯ জন শিশু-কিশোরকে সম্মাননা স্মারক এবং দুইজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম। তিনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কারসমূহ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় রোধে ও নতুন প্রজন্মকে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত উন্নত ও মানবিক সমাজ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা অভিমত ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, সারা দেশে এমন কার্যক্রম ছড়িয়ে পড়লে তরুণ সমাজ দায়িত্বশীল ও আদর্শবান হয়ে উঠবে।

ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা সংগঠনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%