ঢাকা সিটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনায় চরম অবহেলার দায়ে দুই সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিস্থিতির উন্নয়নে ব্যর্থতার দায়ভার নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষ পর্যায়ের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্জ্য অপসারণের সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি করেন। পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যত্রতত্র ময়লার স্তূপ ও অব্যবস্থাপনা দেখে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। দায়িত্বে অবহেলার দায়ে তাৎক্ষণিকভাবে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেন সরকারপ্রধান।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, রাজধানীর উন্নয়ন প্রকল্প এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত চিত্র দেখতে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শনে বেরিয়েছিলেন। তিনি ময়লা অপসারণের ধীরগতির কারণে ক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত- বর্জ্য
0%
0%
0%
0%