শ্রীমঙ্গলে তিনদিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু ১৯ জুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২। ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত এই উৎসবটি চলবে ২১ জুন পর্যন্ত। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনটি সাজানো হয়েছে।
উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বর্ষাকালকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনধারা, ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকজ সংস্কৃতি এবং শৈল্পিক কারুকাজ প্রদর্শিত হবে। এছাড়া তাদের ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা দেশি-বিদেশি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বয়ে আনবে বলে আশা করছেন আয়োজকরা।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ জানান, হারমোনি ফেস্টিভ্যাল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ঐতিহ্য ও ঐক্যের মেলবন্ধন ঘটবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, এ অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরার ক্ষেত্রে এই উৎসব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।