সার্বিয়ার তারকা জোকোভিচ মাদ্রিদ ওপেন থেকে ছিটকে গেলেন, ইনজুরির উদ্বেগ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ঘাড়ের আঘাতের কারণে তিনি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন। ফ্রেঞ্চ ওপেনের অন্যতম শেষ প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে বিবেচিত মাদ্রিদ ওপেন থেকে ছিটকে পড়া জোকোভিচের ফ্রেঞ্চ ওপেন খেলার সম্ভাবনাও কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।
বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা জোকোভিচ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন ও মার্চে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে খেলেছেন। তবে ঘাড়ের ইনজুরি তাকে বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে, যার ফলে তিনি দোহা ওপেন ও মায়ামি ওপেন থেকেও সরে দাঁড়ান। গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সও তিনি খেলতে পারেননি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জোকোভিচ লেখেন, “দুর্ভাগ্যবশত, আমি এই বছর মাদ্রিদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য আমি আমার আরোগ্য লাভের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।” বৃহস্পতিবার মাদ্রিদে একটি বাস্কেটবল খেলা দেখতে গিয়ে তিনি স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি ইনজুরির কারণে কিছুটা শারীরিক সমস্যায় ভুগছেন।
একই সময়ে, মাত্র এক মাস পরেই শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কার্লোস আলকারের কাছে হারের পর থেকেই জোকোভিচের ফর্মে কিছুটা ভাটা পড়েছে। ইন্ডিয়ান ওয়েলস-এও তিনি জ্যাক ড্র্যাপারের কাছে হেরেছিলেন।
তিনবারের মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ আগামী ৬-১৭ মে ইতালিয়ান ওপেনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এরপর তিনি ২৪ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে তার রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাদ্রিদ ওপেনের ড্র আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা