Advertisement

ইমরান খানের চিকিৎসা ও সাক্ষাতের আবেদনের শুনানি ১৮ আগস্ট

কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের চিকিৎসা সুবিধা নিশ্চিত ও তার সঙ্গে সাক্ষাতের আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এই আবেদনের শুনানি গ্রহণ করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি নাঈম আফগান এবং বিচারপতি ইশতিয়াক ইব্রাহিম। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস ইতিমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষ ও তাদের আইনজীবীদের কাছে নোটিশ প্রেরণ করেছে। ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নানা আইনি জটিলতায় জর্জরিত ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে, পাকিস্তান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানিয়েছেন, পিটিআইয়ের কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃত্ব এবং তেহরিক-ই-তাহাফফুজ-ই-আইন-ই-পাকিস্তানের (টিটিএপি) জোট আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করার বিষয়ে একমত হয়েছে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, এই লং মার্চের মূল লক্ষ্য ইমরান খানের মুক্তি নয়, বরং কারাগারে বন্দি নেতার সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ নিশ্চিত করা।

বিজ্ঞাপন

অন্যদিকে, সেনেটে বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস জানিয়েছেন, সরকার যদি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়, তবে পিটিআই সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে পুনরায় যোগ দিতে পারে। তিনি অভিযোগ করেন যে, পিটিআইয়ের মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে সরকার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে অস্পষ্টতা তৈরি করছে। তিনি আরও দাবি করেন, সরকার যদি সাক্ষাতের ব্যবস্থা করে তবে পিটিআই আলোচনার টেবিলে বসতে আগ্রহী।

তবে পিটিআইয়ের শর্ত অনুযায়ী, কোনোভাবেই প্রধানমন্ত্রীর বাসভবন বা স্পিকারের কার্যালয়ে আলোচনা হবে না, কারণ বর্তমান সরকারকে তারা বৈধ মনে করে না। আলোচনার জন্য সংসদ ভবনের কনস্টিটিউশন রুমকে উপযুক্ত স্থান হিসেবে প্রস্তাব করেছে দলটি। পাকিস্তানর স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার মন্তব্যের প্রেক্ষিতে রাজা নাসির বলেন, মন্ত্রী যথার্থই সমস্যাটি চিহ্নিত করেছেন, তবে তার প্রস্তাবিত সমাধান আইনসম্মত নয়। তিনি দেশে একটি সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%