আজাদ কাশ্মীরে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের ঘোষণা রানা সানাউল্লাহর

আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানর প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা নির্বাচন বানচাল করতে চায় কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে শত্রুর এজেন্ডা বাস্তবায়নে অস্ত্র তুলে নিচ্ছে, তাদের আইনের মুখোমুখি হতে হবে।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ফেডারেল মন্ত্রী ইঞ্জিনিয়ার আমির মুকামকে সঙ্গে নিয়ে রানা সানাউল্লাহ বলেন, আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনের তৃতীয় ধাপ চলমান রয়েছে এবং যারা অবস্থান কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ভোট প্রক্রিয়া থামানোর চেষ্টা করছে, তারা ব্যর্থ হয়েছে। কোনো কোনো আসনে ভোটগ্রহণ বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারচুপির ভিত্তিহীন অভিযোগ তুলে পরাজয়কে বিজয়ে রূপান্তরের মরিয়া চেষ্টা চালাচ্ছে একটি মহল।
নির্বাচনে কারচুপির যে অভিযোগ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তুলেছে, তাকে প্রত্যাখান করে রানা সানাউল্লাহ বলেন, বিরোধী দলটি এখনো তাদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তিনি স্মরণ করিয়ে দেন যে, নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠানের সিদ্ধান্তটি পিপিপির নিজস্ব দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন গ্রহণ করেছিল। তাই এখন সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় ফেডারেল মন্ত্রী ইঞ্জিনিয়ার আমির মুকাম বলেন, রাজনৈতিক বিরোধীরা আগের রাত থেকেই কারচুপির একটি চিত্রনাট্য তৈরি করে রেখেছিল এবং সকাল থেকেই ভিত্তিহীন বিবৃতি দেওয়া শুরু করেছে। তিনি প্রশ্ন তোলেন, পাঞ্জাব থেকে পুলিশ বা লোক আনার যে অভিযোগ তোলা হচ্ছে, তার বিপরীতে সিন্ধু থেকে লোক সমাগমের বিষয়টি কেন এড়িয়ে যাওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে রানা সানাউল্লাহ আরও বলেন, একটি মৃত্যু নিয়ে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, তা মূলত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটা একটি স্বাভাবিক ঘটনা। গিলগিত-বালতিস্তান নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পিএমএল-এন সবসময়ই রাজনৈতিক উদারতা প্রদর্শন করে আসছে। আশা করি, বিরোধীরা তাদের নেতিবাচক প্রচারণা থেকে সরে এসে গণতান্ত্রিক শিষ্টাচার বজায় রাখবে এবং জনগণের রায়কে মেনে নেবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
