খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ ওয়াজিরস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও দির জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে ভারত সমর্থিত ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ১০ জঙ্গি নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা নিলে গোলাগুলির সূত্রপাত হয়। এই সংঘর্ষে আটজন জঙ্গি নিহত হয়েছে এবং অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
একই সময়ে দির জেলায় নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযানে আরও দুই সন্ত্রাসী নিহত হয়। নিহত জঙ্গিরা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিল বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
আইএসপিআর আরও জানিয়েছে, ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজমে ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিদেশি মদদপুষ্ট এই উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে দেশ থেকে নির্মূল না করা পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তাদের কঠোর অবস্থান বজায় রাখবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
