AdvertisementAdvertisement

যানবাহনে অতিরিক্ত টোল আদায়ে এনএইচএর ওপর স্থগিতাদেশ বহাল রাখল ইসলামাবাদ হাইকোর্ট

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হাইকোর্ট মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে ৫০ শতাংশ অতিরিক্ত টোল আদায়ের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। এম-ট্যাগবিহীন অথবা অপর্যাপ্ত ব্যালেন্স থাকা গাড়ির কাছ থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি বা এনএইচএ-এর অতিরিক্ত টোল আদায়ের বিতর্কিত নির্দেশনার বিরুদ্ধে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির এই শুনানিতে সভাপতিত্ব করেন। শুনানিকালে এনএইচএ-এর পক্ষ থেকে তাদের লিখিত জবাব আদালতে দাখিল করা হয়। আবেদনকারীর আইনজীবীর কাছে এনএইচএ-এর ওই জবাব পৌঁছেছে কি না, তা জানতে চান বিচারক। আইনজীবী প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করলেও নথিপত্র পর্যালোচনার জন্য সময়ের আবেদন জানান।

Advertisement
বিজ্ঞাপন

এনএইচএ-এর কৌঁসুলি আদালতকে অবহিত করেন যে, একই ধরনের আরেকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি এই দুটি মামলা একত্রে শোনার জন্য আদালতের কাছে অনুরোধ জানান। তবে বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির পর্যবেক্ষণ দেন যে, আদালত অন্য বিষয়টির ব্যাপারে অবগত থাকলেও বর্তমান মামলা দুটি স্বতন্ত্র।

উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদালত আগের আদেশের মেয়াদ বাড়িয়ে এনএইচএ-কে অতিরিক্ত টোল আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেন। এই আদেশের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এম-ট্যাগবিহীন বা পর্যাপ্ত ব্যালেন্স নেই এমন যানবাহনের ওপর ওই বর্ধিত মাশুল কার্যকর করা যাবে না। আদালতের এই সিদ্ধান্তের পর মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%