পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে কারাগারে সাক্ষাতের আবেদনের ওপর শুনানির নির্দেশ আদালতের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দায়ের করা মানহানি মামলার কার্যক্রম চলাকালীন কারাগারের ভেতরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা নেতার সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের অনুমতির বিষয়ে শুনানি শুরু হয়েছে। শনিবার লাহোরের একটি দায়রা আদালত এ সংক্রান্ত আবেদনটি আমলে নিয়ে উভয় পক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
শুনানি চলাকালীন পিটিআই প্রতিষ্ঠাতার প্রতিনিধিত্বকারী সহযোগী আইনজীবী আদালতকে জানান যে, তাদের জ্যেষ্ঠ আইনজীবী করাচির একটি আদালতে চলমান মামলায় ব্যস্ত রয়েছেন। এ অবস্থায় তিনি কারাগারে বন্দি নেতার সঙ্গে সাক্ষাতের জন্য করা আবেদনটি জরুরি ভিত্তিতে নিষ্পত্তির অনুরোধ জানান।
আদালত আবেদনটি গ্রহণ করেছেন এবং আগামী ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে উভয় পক্ষকে বিস্তারিত যুক্তি তুলে ধরার নির্দেশনা প্রদান করেছেন। উল্লেখ্য, পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কর্তৃক পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা এই মানহানি মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
