তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে পাক সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে ঐকমত্য

তুরস্কের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই সরকারি সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দীর্ঘদিনের মিত্র দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পথ প্রশস্ত করা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যানুযায়ী, সফরকালে দুই পক্ষই দ্বিপক্ষীয় কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আঙ্কারায় পৌঁছালে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, যা পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং দেশটির ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে আঞ্চলিক ভূ-রাজনীতির বিবর্তন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
তুরস্কের জেনারেল স্টাফ সদর দপ্তরে পৌঁছালে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগলুর সঙ্গে তার বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আঞ্চলিক নিরাপত্তার গতিপ্রকৃতি এবং দুই দেশের পেশাদার সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতা বৃদ্ধির উপায়।
সফরকালে জেনারেল বায়রাকতারোগলু পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক জোরদারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘টার্কিশ আর্মড ফোর্সেস ডিস্টিংগুইশড সার্ভিস মেডেল’ প্রদান করেন। এই বিরল সম্মাননা দুই দেশের গভীর সামরিক বন্ধনেরই বহিঃপ্রকাশ বলে গণ্য করা হচ্ছে।
এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর প্রধান তুরস্কের ল্যান্ড ফোর্সেস সদর দপ্তর পরিদর্শন করেন, যেখানে তাকে স্বাগত জানান তুর্কি স্থলবাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তাকেল। এই সফরসূচির অংশ হিসেবে ফিল্ড মার্শাল আসিম মুনির আধুনিক তুরস্কের রূপকার মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি ‘আনিতকাবির’ পরিদর্শন করেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
