নাইজেরিয়ায় ক্রমবর্ধমান অপহরণের মধ্যেই সাফল্যের দাবি করলেন প্রেসিডেন্ট তিনুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের ক্রমবর্ধমান অপহরণ এবং সহিংসতা সত্ত্বেও সরকারের সাফল্য নিয়ে আশাবাদী সুর শুনিয়েছেন। শুক্রবার নাইজেরিয়ার গণতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, গত এক বছরে দেশটির সেনাবাহিনী ১৩ হাজারেরও বেশি সন্ত্রাসীকে নির্মূল করেছে। প্রেসিডেন্ট তিনুবুর দাবি অনুযায়ী, ২০২৩ সালে তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলায় নিহতের হার ৮১ শতাংশ হ্রাস পেয়েছে।
প্রেসিডেন্ট তিনুবু আরও জানান, ‘অপারেশন সেফ করিডোর’ কর্মসূচির আওতায় ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা আত্মসমর্পণ করেছেন। মূলত অনুতপ্ত সশস্ত্র সদস্যদের পুনর্বাসনের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৯৯৯ সালে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের স্মরণে আয়োজিত এই ভাষণে প্রেসিডেন্ট দেশের নিরাপত্তা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের চিত্র তুলে ধরেন।
তবে রাষ্ট্রপতির এমন বিজয়সূচক বার্তার বিপরীতে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে নিরাপত্তার চরম সংকট বিরাজ করছে। আইসিল ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী এবং অপরাধী চক্রগুলো মুক্তিপণের দাবিতে নিয়মিত সাধারণ নাগরিকদের অপহরণ করে চলেছে। বিশেষ করে গ্রামীণ জনপদ, বিদ্যালয়, গির্জা ও মসজিদগুলোর মতো অরক্ষিত স্থানগুলোতে হামলার ঝুঁকি বাড়ছে, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সীমিত।
সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, নিরাপত্তা বাহিনীর প্রবল চাপের মুখে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের কৌশল পরিবর্তন করছে। এক সময় উত্তরাঞ্চলে সক্রিয় থাকলেও বর্তমানে এসব গোষ্ঠী ঘন বনভূমির পথ ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও তাদের হামলার পরিধি বিস্তৃত করেছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সহায়তায় নাইজেরীয় সেনাবাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা পরিচালনার সক্ষমতা অর্জন করেছে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ১০০ মার্কিন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকেই দেশটিতে ব্যাপক হারে অপহরণের ঘটনা ঘটছে, যার শিকার হয়েছে শিক্ষক এবং চার বছর বয়সী শিশুরাও। মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওযো প্রদেশে একটি স্কুল থেকে ৪৬ জনকে অপহরণের ঘটনা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে সাম্প্রতিক সময়ে সামরিক বাহিনী তৎপরতা বাড়িয়েছে এবং সোমবার উত্তর বোরনো প্রদেশের একটি দুর্গম পাহাড়ি আস্তানা থেকে আইসিল সমর্থিত বোকো হারামের কব্জা থেকে ৩৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
তথ্যসূত্র: আল জাজিরা