আঞ্চলিক অস্থিরতা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অবনতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। শনিবার অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের নীতিনির্ধারকরা বিদ্যমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সত্ত্বেও সংঘাতের নতুন করে বিস্তার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে বলে তারা মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, নতুন করে কোনো সংঘাত কারোরই স্বার্থ রক্ষা করবে না বরং তা দীর্ঘমেয়াদী সংকটের জন্ম দেবে। এই প্রেক্ষাপটে তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান অস্থিরতা নিরসনে মধ্যস্থতাকারী দেশ ও সংস্থাগুলোর প্রচেষ্টাকে সফল করতে প্রয়োজনীয় সময় ও সুযোগ প্রদান করা অত্যন্ত জরুরি। দুই পররাষ্ট্রমন্ত্রীই পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখতে ঐকমত্য পোষণ করেছেন।

এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আরিউথশাম আদমের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। উক্ত আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক নানা সংকট নিয়ে পর্যালোচনা করেছেন।

আলাপচারিতার এক পর্যায়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের স্বাধীনতা দিবসের ৬১তম বার্ষিকী উপলক্ষে দেশটির জনগণকে উষ্ণ অভিনন্দন জানান। উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা মোকাবিলায় উভয় দেশ তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%