পাকিস্তান ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আরিথশাম আদমের মধ্যে টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, ফোনালাপে পাকিস্তান ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছেন দুই শীর্ষ কূটনীতিক।
আলোচনাকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকারকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। এসময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আরিথশাম আদম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক স্বার্থ রক্ষায় নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করতে সম্মত হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ