সুবর্ণচরে শিক্ষিকার বাড়িতে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ, আটক এক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে ওই শিক্ষার্থী নিজ শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে গিয়ে অমানবিক এ ঘটনার শিকার হয়। এ ঘটনায় অভিযুক্ত ৫৫ বছর বয়সী সিএনজিচালক কামাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী শিক্ষিকার বাড়িতে পৌঁছালে তাকে বাড়িতে একা পেয়ে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন কৌশলে ঘরে ডেকে নেন। ঘরের দরজা বন্ধ করে ভয়ভীতি প্রদর্শনপূর্বক তাকে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পর কাউকে কিছু না বলার শর্তে ছাত্রীকে ৫০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে ছাত্রীটি পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সন্ধ্যায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দেন এবং গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত কামাল উদ্দিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ সওদাগরের ছেলে।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।