বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ও রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ গুতিয়ারেসের

নিউ ইয়র্কে অনুষ্ঠিত পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন বা ইউএনসিওপিএস ২০২৬-এর অবকাশে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, শান্তি বিনির্মাণে পাকিস্তানের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ও অবদানের কথা গুরুত্বের সঙ্গে স্বীকার করেছেন তিনি।
সাক্ষাৎকালে বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংলাপে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের চলমান উদ্যোগগুলো যে বৈশ্বিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ, তা এই আলোচনায় স্পষ্ট হয়েছে।
সম্মেলনের ফাঁকে রুশ স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির আলেকজান্দ্রোভিচ কোলোকোলতসেভের সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠকে সন্ত্রাসবাদ দমন, মাদক পাচার রোধ, সাইবার অপরাধ নির্মূল এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উন্নত প্রশিক্ষণের বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের পথ খুঁজে বের করার ওপর জোর দেওয়া হয়েছে।
বিশেষ করে আফগানিস্তানসহ এই অঞ্চলের বিভিন্ন প্রান্তে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে সমন্বিত লড়াই এবং যৌথ পুলিশি মহড়া আয়োজনের পরিকল্পনায় ঐকমত্যে পৌঁছেছেন উভয় পক্ষ। নিরাপত্তাবিষয়ক এই সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়েও সম্মত হয়েছে পাকিস্তান ও রাশিয়া। বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তার রুশ প্রতিপক্ষকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ