জাতিসংঘের শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাতে বহুপক্ষীয়বাদে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন শাহবাজ শরিফ

জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী মারিয়া ফার্নান্দা এস্পিনোসা সোমবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানর প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্বসংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা এবং বহুপাক্ষিক কূটনীতিতে পাকিস্তানের অটল অঙ্গীকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘের প্রতি পাকিস্তানের দীর্ঘস্থায়ী আস্থা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘের নতুন নেতৃত্ব বিশ্বসংস্থার মূল তিনটি স্তম্ভকে ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে। একইসঙ্গে জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও মূলনীতি অনুসরণ, নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলোর যথাযথ বাস্তবায়ন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, পাকিস্তান সবসময়ই বহুপাক্ষিক সহযোগিতার পথে অটল রয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গঠনমূলক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমেই বর্তমান বিশ্বের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে মারিয়া ফার্নান্দা এস্পিনোসা তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অগ্রণী ভূমিকা এবং গত কয়েক দশক ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে দেশটির সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, মারিয়া ফার্নান্দা এস্পিনোসা এর আগেও ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পাকিস্তান সফর করেছিলেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ