সোয়াতে নৌকাডুবি: তদন্তে দুই সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন, সাত দিনে প্রতিবেদন জমার নির্দেশ

সোয়াতে সাইফুল্লাহ হ্রদে নৌকাডুবির মর্মান্তিক ঘটনার কারণ ও দায় নিরূপণে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার। শুক্রবার সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই সদস্যের এই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত প্রতিবেদন ও সুপারিশমালা সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাদেশিক সরকারের আন্তঃপ্রাদেশিক সমন্বয় সচিব মুহাম্মদ আয়াজকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অপর সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের বিশেষ সচিব জুবায়ের আহমদ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি দুর্ঘটনাটির প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। প্রয়োজনে বিশেষজ্ঞ সহায়তা গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নথিপত্র তলব করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে এই তদন্ত দলকে।
দুর্ঘটনার কবলে পড়া নৌকাটিতে লাহোর থেকে আসা একই পরিবারের সাত সদস্য আরোহী ছিলেন। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে ১৭ বছর বয়সী এক কিশোরী এখনো নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে বের করতে বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
