পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিলাওয়াল ও ফজলুর রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতা ও কৌশলগত মেরুকরণের মধ্যে মঙ্গলবার ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। মাওলানা ফজলুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত এই রুদ্ধদ্বার বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকটিতে পিপিপি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ উপস্থিত ছিলেন। অন্যদিকে, জেইউআই-এফ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে প্রকৌশলী জিয়াউর রহমান এবং মাওলানা আসজাদ মাহমুদ অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আসন্ন আজাদ জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পিপিপি এবং জেইউআই-এফ ইতিমধ্যে একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নিজেদের জয়ের সম্ভাবনা জোরালো করতেই মূলত এই সমঝোতায় পৌঁছেছে দল দুটি। ইসলামাবাদে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দলের জ্যেষ্ঠ নেতারা এই নির্বাচনী ঐক্যের রূপরেখা তুলে ধরেন।

পিপিপি নেতা চৌধুরী ইয়াসিন জানিয়েছেন, এই জোটের মাধ্যমে অঞ্চলে দুই দলের মধ্যকার আনুষ্ঠানিক রাজনৈতিক সহযোগিতার নতুন যুগের সূচনা হয়েছে। নির্বাচনে এই জোট উভয় দলের জন্যই সুফল বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নির্বাচনী আসন এলএ-১৪ এবং এলএ-২৩ থেকে উভয় দলের সমন্বয়ে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জেইউআই-এফ আজাদ কাশ্মীর শাখার প্রধান মাওলানা সাঈদ ইউসুফ এই জোটকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, আজাদ কাশ্মীরের নির্বাচনী ইতিহাসে এই প্রথম পিপিপি এবং জেইউআই-এফ আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনী অংশীদারিত্ব গড়ে তুলল। এদিকে পিপিপি নেতৃত্ব ধারাবাহিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাশ্মীরের সংকট তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%