আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করবেন পিটিআইয়ের ছয় আইনজীবী

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন দলের ছয়জন আইনজীবী। মঙ্গলবার নির্ধারিত এই সাক্ষাতের জন্য চূড়ান্ত করা তালিকাটি ইতিমধ্যে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে দলটির নীতিনির্ধারকরা।
তালিকায় অন্তর্ভুক্ত আইনজীবীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার গওহর খান, সালমান আকরাম রাজা, নাঈম হায়দার পাঞ্জুথা, রাজা ইয়াসির, মিঁয়া হাসান শাকিল এবং মিঁয়া ইরফান বশির। কারাগার প্রাঙ্গণে আইনি পরামর্শের পাশাপাশি দলের পরবর্তী কর্মপন্থা নিয়ে তারা ইমরান খানের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আইনজীবীদের পাশাপাশি ইমরান খানের বোনদেরও কারাগারে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার মূলত পরিবারের সদস্য এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের দিন নির্ধারিত থাকায় সেই নিয়ম মেনেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, পিটিআইয়ের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কারা কর্তৃপক্ষ এই সাক্ষাতের বিষয়ে ইতিবাচক সাড়া প্রদান করে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইমরান খানের সঙ্গে তার আইনজীবীদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ