আশুরা পালনে কঠোর নিরাপত্তা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য প্রশাসনের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি

পবিত্র আশুরায় খাইবার পাখতুনখোয়া প্রদেশে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। শুক্রবার পেশোয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রদেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি আশুরার শোভাযাত্রার রুট ও সংশ্লিষ্ট এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করেন এবং নিরাপত্তা প্রস্তুতির ওপর সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় শোক পালনকারী সাধারণ মানুষও প্রশাসনের নেওয়া সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরলস পরিশ্রমেরই প্রতিফলন।
কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেন, এই মহান ত্যাগের ঘটনা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবিচল থাকার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, সত্য ও ন্যায়পরায়ণতার পথে অটল থেকে মহৎ আদর্শের জন্য আত্মত্যাগ করার এই চেতনা বর্তমান সময়ে ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখতে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সংহতি প্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি।
জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান এবং যেকোনো ধর্মীয় অনুষ্ঠান যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালিত হয়, তা নিশ্চিত করতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সোহাইল আফ্রিদি। তিনি আশ্বস্ত করেন যে, প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ