জাতিসংঘে বিএলএকে নিষিদ্ধ করার বৈশ্বিক উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনের আহ্বান

বেলুচিস্তান লিবারেশন আর্মি তথা বিএলএ এবং এর সহযোগী মজিদ ব্রিগেডকে বৈশ্বিক পরিমণ্ডলে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দ্য ডিপ্লোম্যাট। মার্কিন ম্যাগাজিনটিতে প্রকাশিত এক নীতি বিশ্লেষণে বলা হয়েছে, এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করতে ইসলামাবাদ ও বেইজিং যে তৎপরতা চালাচ্ছে, তাতে ওয়াশিংটনের সমর্থন জরুরি। যদিও যুক্তরাষ্ট্র নিজে বিএলএ এবং মজিদ ব্রিগেডকে আগেই সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, তবে জাতিসংঘের মঞ্চে এ বিষয়ে তাদের সমর্থনের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, আফগানিস্তানে গড়ে ওঠা তথাকথিত নিরাপদ আশ্রয়স্থলগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিএলএ স্থানীয় পর্যায়ে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীর গণ্ডি পেরিয়ে এখন এমন একটি সংগঠনে পরিণত হয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরিতে সক্ষম। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হলে এই গোষ্ঠীর সম্পদ জব্দ করা, আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের অর্থায়নের উৎস ও আন্তঃদেশীয় নেটওয়ার্কগুলো অকার্যকর করা সম্ভব হবে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
বিএলএ অতীতে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি সংশ্লিষ্ট প্রকল্প, চীনা নাগরিক এবং পাকিস্তানের বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। যদি এই গোষ্ঠীর আন্তর্জাতিক সহায়তা নেটওয়ার্কগুলো এখনই ছিন্ন করা না হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির আশঙ্কা রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, বেলুচিস্তানের খনিজ সম্পদের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রহের প্রেক্ষাপটে, ভবিষ্যতে মার্কিন বিনিয়োগ এবং সেখানে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তার ক্ষেত্রেও এই গোষ্ঠীটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
পরিশেষে ওই বিশ্লেষণে জোর দেওয়া হয়েছে যে, বিএলএ-এর ক্রমবর্ধমান তৎপরতা রুখতে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া অপরিহার্য। পাকিস্তানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে মার্কিন নীতি নির্ধারকদের এই বিষয়ে দ্বিমুখী অবস্থান পরিহার করে জোরালো ভূমিকা পালন করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ