যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত, বিশ্ববাজারে তেলের দরপতন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তজনা অবসানে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হচ্ছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে ভূমিকা রেখেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রথম এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পাকিস্তানর প্রধানমন্ত্রী জানান যে, নিবিড় আলোচনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় লেবাননসহ সকল ফ্রন্টে চলমান সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানর প্রধানমন্ত্রীর এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে। তিনি হরমুজ প্রণালীতে থাকা মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সচল রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৫১ ডলার বা ৪.০২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮৩.৮২ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৩.৯৩ ডলার বা ৪.৬৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০.৯৫ ডলারে স্থির হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ