বাবা গুরু অর্জন দেবজির মৃত্যুবার্ষিকী পালনে পাকিস্তানে পৌঁছালেন ৫১৭ শিখ তীর্থযাত্রী

বাবা গুরু অর্জুন দেব জি-এর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাকিস্তানের আইমানাবাদের গুরুদুয়ারা রোহরি সাহিবে পৌঁছেছেন ৫১৭ জন ভারতীয় শিখ তীর্থযাত্রী। রবিবার কড়া পুলিশি পাহারায় একটি বিশেষ কনভয়ের মাধ্যমে তাদের এই ঐতিহাসিক ধর্মীয় স্থানে নিয়ে আসা হয়। পাকিস্তানের কর্তৃপক্ষ এই সফরকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
গুরুদুয়ারা রোহরি সাহিবে পৌঁছালে তীর্থযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান গুজরানওয়ালা বিভাগের কমিশনার মুহাম্মদ আলী, আঞ্চলিক পুলিশ কর্মকর্তা খুররম শেহজাদ ওয়ারাইচ, ডেপুটি কমিশনার নাভিদ আহমেদ এবং সিটি পুলিশ কর্মকর্তা ড. গিয়াস গুল। এ সময় শিখ ধর্মাবলম্বী অতিথিদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের ওপর পুষ্পবৃষ্টি বর্ষণের মাধ্যমে সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটানো হয়।
পাকিস্তানর প্রশাসন জানিয়েছে, তীর্থযাত্রীদের ধর্মীয় আচার পালন সহজতর করতে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া তীব্র দাবদাহ মোকাবিলায় স্বাস্থ্য ক্যাম্প এবং জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা সম্ভব হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পাকিস্তানর পাঞ্জাব সরকার ধর্মীয় পর্যটন ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। তীর্থযাত্রীরা পাকিস্তানর প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা এই আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
গুরুদুয়ারা রোহরি সাহিব শিখ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। প্রতি বছর এই সময়ে দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে। নির্ধারিত সূচি অনুযায়ী তীর্থযাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলো অব্যাহত থাকবে এবং পুরো সময়জুড়ে প্রশাসনিক সহায়তা বজায় থাকবে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
