পাকিস্তান-উজবেকিস্তান পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক রোডম্যাপ স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত

উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোজায়েভের আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইসলামাবাদ। এ উপলক্ষ্যে পাকিস্তানর অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ চিমার সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ২০ থেকে ২১ জুলাই অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে পাঁচ বছর মেয়াদী একটি অর্থনৈতিক সহযোগিতার পথনকশা চূড়ান্ত করা।

আহাদ চিমা জানান, এই সফর পাকিস্তান ও উজবেকিস্তানের অংশীদারিত্বের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রস্তাবিত এই পাঁচ বছর মেয়াদী রূপরেখা দুই দেশের পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ প্রবাহ এবং আঞ্চলিক সংযোগ স্থাপনে গতি সঞ্চার করবে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

সফরের অংশ হিসেবে আয়োজিতব্য পাকিস্তান-উজবেকিস্তান বিজনেস-টু-বিজনেস ফোরামে উজবেকিস্তানের একশটিরও বেশি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এই ফোরামে কৃষি, চিকিৎসা, পরিবহন, লজিস্টিকস এবং শিল্প খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।

বৈঠকে পাকিস্তান ও উজবেকিস্তানের মধ্যে সড়ক ও রেলপথের সংযোগ আরও সুসংহত করার পাশাপাশি পরিবহন করিডোরের সক্ষমতা বাড়ানো এবং লজিস্টিক অবকাঠামো শক্তিশালী করার বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সফরের প্রস্তুতি নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানর অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

০%
০%
০%
০%