Advertisement

কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল ওবিসি শংসাপত্র স্থগিত শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জারিকৃত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ বুধবার এক রায়ে জানিয়েছে, ওবিসি-এ এবং ওবিসি-বি শ্রেণিবিভাজন আর কার্যকর নেই। আদালতের নির্দেশ অনুযায়ী, আগে যারা এই শংসাপত্র পেয়েছিলেন, তাদের এখন থেকে সাধারণ বা জেনারেল ক্যাটেগরির প্রার্থী হিসেবে গণ্য করা হবে।

২০১০ সালের পর থেকে রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়কে দুটি ভাগে বিভক্ত করেছিল। তবে পরবর্তীতে শংসাপত্র প্রদানের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে এবং ২০২৪ সালে ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেয় উচ্চ আদালত। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করলেও শীর্ষ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নতুন করে এই রায় এল।

বিজ্ঞাপন

এই আইনি জটিলতার প্রভাব পড়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে। গত ১৪ আগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নতুন পরিস্থিতির প্রেক্ষিতে কমিশন তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এছাড়া ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশি যাচাইকরণের কাজও স্থগিত করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

নিয়োগ প্রক্রিয়া হঠাৎ স্থগিত হওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি। একাংশের শিক্ষকদের মতে, আদালতের নির্দেশিত নিয়োগ প্রক্রিয়া আদালতের অনুমতি ছাড়া এভাবে বন্ধ করা আদালত অবমাননার শামিল। তবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সাময়িক এই স্থগিতাদেশ।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%