AdvertisementAdvertisement

ট্রাম্পের তহবিলে ১০ লক্ষ ডলার অনুদান দিয়ে ক্ষমা প্রার্থনার আবেদন নিয়ে বিতর্কে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক কৃষ্ণ ত্রিপুরানেনি। আয়কর জালিয়াতির দায়ে কারাদণ্ড ভোগ করা এই চিকিৎসক বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাষ্ট্রপতির ক্ষমার আবেদন জানিয়েছেন। এমন একটি স্পর্শকাতর সময়ে তিনি ট্রাম্পের নির্বাচনী তহবিল ‘মাগা ইনক’-কে ১০ লক্ষ মার্কিন ডলার অনুদান দেওয়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের নথি অনুযায়ী, ফ্লোরিডার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কৃষ্ণ ত্রিপুরানেনি চলতি বছরের জুন মাসে এই বিপুল অংকের অর্থ সহায়তা প্রদান করেন। এই অনুদানের ফলে তিনি ২০২৬ সালের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির অন্যতম প্রধান ভারতীয় বংশোদ্ভূত দাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তবে কেবল তিনিই নন, প্রযুক্তি সংস্থা প্যালান্টিরের চিফ টেকনোলজি অফিসার শ্যাম শঙ্করও ট্রাম্পপন্থী তহবিলে ১০ লক্ষ ডলারের বেশি অর্থ প্রদান করেছেন, যা আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক মহলে ব্যাপক গুরুত্ব বহন করছে।

Advertisement
বিজ্ঞাপন

আইনি নথি থেকে জানা যায়, অতীতে প্রায় ১ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার আয় গোপন করার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন কৃষ্ণ ত্রিপুরানেনি। বর্তমানে তিনি মার্কিন ‘প্যার্ডন অ্যাটর্নি’-র দফতরে রাষ্ট্রপতির ক্ষমার জন্য আবেদন করেছেন। তিনি দাবি করেছেন যে, সাজা ভোগের পর তিনি এখন নিজের নাগরিক অধিকার পুনর্বহালের যোগ্য। এই আবেদন মঞ্জুর হলে তিনি নির্বাচনে ভোট প্রদান, জুরি বোর্ডে দায়িত্ব পালন এবং ভবিষ্যতে সরকারি পদে আসীন হওয়ার আইনি অধিকার ফিরে পাবেন।

যদিও মার্কিন নির্বাচনী আইনে রাজনৈতিক অনুদান প্রদান একটি বৈধ প্রক্রিয়া, তবুও রাষ্ট্রপতির ক্ষমার আবেদন বিচারাধীন থাকা অবস্থায় এমন বিশাল অংকের অনুদান প্রদান নিয়ে নৈতিক প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ত্রিপুরানেনির ক্ষমার আবেদন প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অনুদান এবং ক্ষমা প্রার্থনার আবেদনকে ঘিরে মার্কিন রাজনীতির অন্দরমহলে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%