AdvertisementAdvertisement

নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাঁচি। দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত না হওয়ায় এবার সরাসরি ভারতর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে গত কয়েক দিন ধরে চলা এই লাগাতার অবস্থান-বিক্ষোভ এখন এক জটিল রাজনৈতিক মোড় নিয়েছে।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং পুরো প্রক্রিয়ার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে সিবিআই তদন্তের দাবি। আন্দোলনের অন্যতম মুখ রাহুল ক্রান্তি স্পষ্ট করেছেন যে, সরকার নিজেদের তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখলেও প্রকৃত স্বচ্ছতা ফেরাতে নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই। সরকার আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীদের মূল দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা ক্রমশ অনড় অবস্থানে চলে গেছেন।

Advertisement
বিজ্ঞাপন

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারতর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজভবনে গিয়ে রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। রাজ্যপাল নিয়োগকারী সংস্থাগুলোর স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। জবাবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগগুলো সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সরকারের তরফ থেকে আলোচনার জন্য পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানানো হলেও শিক্ষার্থীরা তা সরাসরি গ্রহণ করেননি। তাদের সাফ দাবি, যেকোনো বৈঠক হতে হবে জনসমক্ষে এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে। রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়ে শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন যে, স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি থেকে সরে আসবেন না।

Advertisement
বিজ্ঞাপন

বৃহস্পতিবারে রাঁচিতে আয়োজিত তিরঙ্গা মিছিল থেকে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি আরও জোরালো হয়েছে এবং আগামী ১০ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের পূর্বঘোষিত কর্মসূচিও অপরিবর্তিত রাখা হয়েছে। ইতিমধ্যে দীর্ঘ অনশনের ফলে বেশ কয়েকজন আন্দোলনকারীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশনকারীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে জল ও লবণ গ্রহণের পরামর্শ দিয়েছেন। সরকারের তরফ থেকে আলোচনার পথ প্রশস্ত হলেও, দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত অচলাবস্থা নিরসনের সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%