হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি রুহুল কুদ্দুস দুলুর আহ্বান

সতেরো বছর ধরে অবৈধভাবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রায় ১.৫০ কোটি টাকা ব্যয়ে চারতলা ভিত্তির ওপর নির্মিতব্য একতলা বিশিষ্ট এই একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দুলু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে দুলু বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফুঁসে ওঠার কারণেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছিল এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। বিগত দুই বছর ধরে ভারতে অবস্থানকারী সাবেক এই নেত্রী পুনরায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তবে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলাদেশের মাটিতে তার আর কোনো জায়গা হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন।
গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি আহ্বান জানিয়ে হুইপ দুলু বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তাই ফ্যাসিস্ট সরকারকে আশ্রয়-প্রশ্রয় না দিয়ে বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার স্বার্থেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের জনগণের হাতে তুলে দেওয়া উচিত। এটিই বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতের প্রতি প্রধান দাবি বলে তিনি মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং বিসিবির কাউন্সিলর ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই একাডেমিক ভবনটি নির্মিত হলে এলাকার শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
