কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ভারতীয় নাবিক নিহত ইরানি উপকূলে বিপন্ন জাহাজ

আন্তর্জাতিক জলপথে একের পর এক হামলায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় সাগর গুপ্ত নামক এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই সময়ে ইরানের উপকূলের অদূরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ভারতীয় নাবিকবাহী একটি এলপিজি জাহাজ। তবে দ্বিতীয় ঘটনায় সংশ্লিষ্ট জাহাজের সব নাবিক অক্ষত ও নিরাপদ রয়েছেন বলে ভারত সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ জুলাই মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি ওমোরফি’ কৃষ্ণসাগর অতিক্রম করার সময় ড্রোন হামলার কবলে পড়ে। ওই জাহাজে থাকা ১০ জন নাবিকের মধ্যে তিনজন ছিলেন ভারতীয়। এই মর্মান্তিক হামলায় চিফ অফিসার সাগর গুপ্ত প্রাণ হারান। ভারত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো অত্যন্ত উদ্বেগজনক। ভারতের ফরওয়ার্ড সিম্যানস ইউনিয়ন দাবি করেছে, ইউক্রেনের ড্রোন হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতোমধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাস রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি জাহাজ ‘দিশা’ ইরানের নিকটবর্তী জলসীমায় অজ্ঞাতপরিচয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত লাগলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি।
জাহাজটিতে থাকা ২৮ জন ভারতীয় নাবিকসহ মোট ৩০ জন নাবিক অক্ষত অবস্থায় রয়েছেন বলে নিয়োগকারী সংস্থার প্রতিনিধি কে. ডি. রাও জানিয়েছেন। বর্তমানে জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য টাগবোট মোতায়েন করা হয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পারস্য উপসাগরে বর্তমানে ১২৫ জন ভারতীয় নাবিকসহ ছয়টি জাহাজ রয়েছে। ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন প্রচেষ্টায় মোট ৩,৯৮৫ জন নাবিককে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। এছাড়া হরমুজ প্রণালী এলাকায় সাম্প্রতিক বিভিন্ন হামলায় আরও বেশ কয়েকজন নাবিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিতে ভারত সরকার ইরান, রাশিয়া ও আমেরিকার কূটনীতিকদের তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নাবিকদের নিরাপত্তার স্বার্থে লোহিত সাগর, কৃষ্ণসাগর এবং ইয়েমেন সংলগ্ন জলসীমায় চলাচলকারী ভারতীয় জাহাজগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস