সামাজিক যোগাযোগমাধ্যমে সরব কনটেন্ট ক্রিয়েটর মৌলি মণ্ডলকে হত্যার হুমকি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার থাকার কারণে কুরুচিপূর্ণ মন্তব্য ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মৌলি মণ্ডল, যিনি অনলাইনে ‘আ লিটল বেঙ্গলি’ নামে পরিচিত। দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির বিক্ষোভ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন নিয়ে সরব হওয়ার জেরে তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নিজেকে কট্টর ডানপন্থী আদর্শের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছেন।

বিজ্ঞাপন

মৌলি মণ্ডল তার ফেসবুক অ্যাকাউন্টে হুমকির একটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, তথাকথিত কট্টর হিন্দুত্ববাদীদের কাছ থেকে নিয়মিতই তাকে ধর্ষণ কিংবা খুনের হুমকি দেওয়া হয়। এ ধরনের হুমকি ও বিদ্বেষ ছড়ানোর ঘটনা ভারতে নতুন নয় উল্লেখ করে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই, কারণ অপরাধীদের রাজনৈতিক আশ্রয় পাওয়ার নজির রয়েছে।

হুমকির প্রেক্ষাপটটি মূলত দিল্লির যন্তর মন্তরে সংঘটিত পুলিশের লাঠিচার্জের ঘটনার সঙ্গে জড়িত। মৌলি তার পোস্টে উল্লেখ করেছিলেন যে, প্রতিবাদকারী ১৬ বছর বয়সী এক কিশোরীর মাথায় পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছে। সেই পোস্টের নিচে অন্তরিক চ্যাটার্জী নামক এক ব্যক্তি মন্তব্য করেন, ‘বেশ করেছে, এবার তোর পালা।’ জানা গেছে, অন্তরিক চ্যাটার্জী পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়ায় তার পরিচয়পত্র অনুযায়ী তিনি একজন স্বয়ংসেবক।

উল্লেখ্য যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে পদযাত্রাকালে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় এবং কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। সিজেপি আহ্বায়ক অভিজিৎ ডিপকে-সহ বেশ কয়েকজনকে আটকের ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের এমন বলপ্রয়োগের ঘটনার সত্যতা নিয়ে সরকারি পক্ষ থেকে অস্বীকার করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ভিন্ন চিত্র ফুটে উঠেছে, যা নিয়ে অরিজিৎ সিংয়ের মতো তারকারাও তীব্র নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%