শ্রাবণ মাসে শিব আরাধনার মাহাত্ম্য ও সোমবারের দিনপঞ্জি

বাংলা পঞ্জিকার হিসাব অনুযায়ী, পবিত্র শ্রাবণ মাস শুরু হয়েছে ১৭ জুলাই এবং এই মাস স্থায়ী হবে ১৭ আগস্ট পর্যন্ত। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য এই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আশীর্বাদধন্য বলে বিবেচিত হয়। বিশেষ করে শ্রাবণের প্রতিটি সোমবার আধ্যাত্মিক দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। ২০২৬ সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ২০ জুলাই, দ্বিতীয় সোমবার ২৭ জুলাই, তৃতীয় সোমবার ৩ আগস্ট এবং চতুর্থ সোমবার ১৭ আগস্ট।
শ্রাবণ মাসের এই বিশেষ সময়ে শ্রাবণী শিবরাত্রি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১১ আগস্ট মঙ্গলবার এই তিথি পালিত হবে। শাস্ত্রীয় বিধান অনুসারে, এই দিনে নিশীথ পুজোর শুভ মুহূর্ত শুরু হবে রাত ১২টা ৫ মিনিটে এবং তা চলবে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। ব্রত পালনকারীরা ১২ আগস্ট সকাল ৫টা ৪৯ মিনিটের পর পারণ সম্পন্ন করতে পারবেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণের প্রতি সোমবার শিবলিঙ্গে শাস্ত্রীয় রীতি মেনে অভিষেক করলে মনের সব আশা পূরণ হয়। ভক্তদের বিশ্বাস, দুঃখ ও সমস্যা থেকে মুক্তি পেতে মধু, সন্তানের মঙ্গল কামনায় দই এবং সুস্বাস্থ্যের জন্য চন্দন দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার দীর্ঘদিনের রীতি রয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে সাফল্য ও উন্নতির জন্য বিভূতি এবং জীবনে আনন্দ ও পরিতৃপ্তি লাভের আশায় ডাবের জল দিয়ে মহাদেবের আরাধনা করা হয়।
শাস্ত্র মতে, ধন-সম্পদ ও ঐশ্বর্য প্রাপ্তির কামনায় পাকাকলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর এবং মধু দিয়ে দেবাদিদেবের অভিষেক অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। যদিও এই প্রতিবেদনটি প্রচলিত লোকবিশ্বাস ও ধর্মীয় রীতির ওপর ভিত্তি করে তৈরি, যা ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। এর আধ্যাত্মিক সত্যতা বা বৈজ্ঞানিক ভিত্তি যাচাই করা হয়নি।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস