মুম্বইয়ে মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিলি করে ১৫ হাজার হত্যার ছক, ধৃত ১

মুম্বইয়ের রে রোড এলাকায় মহরমের মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিলি করে ১৫ হাজার মানুষকে হত্যার এক ভয়াবহ ষড়যন্ত্র নস্যাৎ করেছে পুলিশ। গত শুক্রবার এই ঘটনায় ফায়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪ হাজার ৯০০টি বিষাক্ত ক্যাপসুল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ইঁদুর মারার মারাত্মক বিষ ‘জিঙ্ক ফসফাইড’ মেশানো ছিল।
তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, অভিযুক্ত ফায়াজ এই প্রাণঘাতী কাজকে ‘পবিত্র কর্তব্য’ হিসেবে আখ্যায়িত করে অন্যদের প্ররোচিত করেছিল। মিছিলে ব্যথানাশক বড়ি বলে এই ক্যাপসুল বিতরণের ফলে অন্তত ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিন নারী স্বেচ্ছাসেবকের সময়োচিত বুদ্ধিমত্তায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তাঁরা ক্যাপসুলের ভেতর সন্দেহজনক গুঁড়ো পদার্থ দেখে তাৎক্ষণিকভাবে লাউডস্পিকারে মানুষকে সতর্ক করেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফায়াজ প্রায় ৩০ হাজার ক্যাপসুল ও ৫০ কেজি বিষ সংগ্রহের অর্ডার দিয়েছিল। জেরার মুখে সে স্বীকার করেছে, মিছিলে অংশ নেওয়া অন্তত ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা ছিল তার। ঘটনার সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ফায়াজ গত ১৫ দিন ধরে মুম্বইয়ের ডোংরির একটি ডরমিটরিতে অবস্থান করে এই নাশকতার ছক কষেছিল।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুণের বিমান নগরের বাসিন্দা ফায়াজ মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। পরিবার ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের জেরে সে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। এর আগে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সে ১৯ বার বিদেশ সফর করেছে, যার মধ্যে ইরান ও ইরাকে দীর্ঘ সময় অতিবাহিত করার তথ্যও উঠে এসেছে।
বর্তমানে বাইকুল্লা থানার পুলিশ অভিযুক্ত ফায়াজকে ভারতীয় ন্যায় সংহিতার ১২৩ নম্বর ধারায় মামলা রুজু করে রিমান্ডে নিয়েছে। আদালতে তাকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, এই ভয়াবহ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে আরও কোনো গোষ্ঠী বা ব্যক্তি জড়িত রয়েছে কি না।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস