ছুটির দিনেও সচল থাকবে প্রশাসনিক সংস্কার দফতর, নতুন নির্দেশিকা জারি রাজ্য সরকারের

রাজ্যের প্রশাসনিক কাজের গতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সরকারি ছুটির দিন, শনিবার ও রবিবারও রোস্টার মেনে ন্যূনতম সংখ্যক কর্মী দফতরে উপস্থিত থাকবেন। প্রশাসনিক স্তরে জরুরি ফাইল বা গুরুত্বপূর্ণ কাজ যাতে কোনোভাবেই স্থবির হয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রশাসনিক সূত্রে জানা গেছে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা প্রায়শই সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কাজ পরিচালনা করেন। এই সময়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যেই কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের কর্মীদের পালা করে অফিসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই দফতরটি মূলত বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক ও ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের প্রশাসনিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, তাই এই সিদ্ধান্তের প্রভাব সামগ্রিক জেলা প্রশাসনেও পড়বে বলে ধারণা করা হচ্ছে।

দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সম্মতিতে বিশেষ সচিব এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, সরকারি ছুটির দিনেও প্রয়োজনীয় কর্মী উপস্থিত রেখে প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই পদক্ষেপের ফলে ছুটির দিনে ফাইল আটকে থাকা বা জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

এদিকে রাজ্য সরকার জুলাই মাসের ছুটির তালিকা সংক্রান্ত পৃথক নির্দেশিকাও প্রকাশ করেছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরো দিন ছুটি থাকবে। এছাড়া ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%