পাতায়ায় তরুণী হত্যার অভিযোগে ব্যাংকক বিমানবন্দরে অস্ট্রেলীয় নাগরিক গ্রেপ্তার

থাইল্যান্ডের সমুদ্র সৈকত শহর পাতায়ার অদূরে একটি সুটকেস থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় ৪৬ বছর বয়সী সাইমন কারম্যান নামের এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অস্ট্রেলিয়ার পার্থগামী বিমানে ওঠার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম ও পুলিশের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে বৃহস্পতিবার ভোররাতে ওই কিশোরীকে অভিযুক্তের সাথে একটি কনডোমিনিয়ামে প্রবেশ করতে দেখা যায়। কয়েক ঘণ্টা পর ধারণকৃত অন্য একটি ভিডিওচিত্রে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি বড় কালো সুটকেস নিয়ে ভবন থেকে বের হচ্ছেন এবং সেটি মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। পরবর্তীতে স্থানীয় একটি রেলপথের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই সুটকেস থেকে কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের মুখে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

কিশোরীর বন্ধুরা শুক্রবার বিকেলে তাকে খুঁজে না পেয়ে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানালে ঘটনার তদন্তে নামে পুলিশ। নিখোঁজ কিশোরীর শেষ অবস্থানের সূত্র ধরে কনডোমিনিয়ামের কক্ষটি শনাক্ত করার পর ইমিগ্রেশন কর্মকর্তাদের সহায়তায় অভিযুক্ত সাইমন কারম্যানকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ধৃত ব্যক্তি হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করলেও তার শরীরে নখের আঁচড় পাওয়া গেছে, যা ধস্তাধস্তির স্পষ্ট লক্ষণ হিসেবে দেখছে পুলিশ। তবে নিজের ঘাড়ে থাকা দাগের কারণ হিসেবে তিনি মাকড়সার কামড় বলে দাবি করেছেন।

পাতায়া সিটি পুলিশ স্টেশনের প্রধান কর্নেল আনেক সারাতোংইউ জানিয়েছেন, সাইমন কারম্যানের বিরুদ্ধে হত্যা, মরদেহ গোপন করা এবং অপ্রাপ্তবয়স্ককে অনৈতিক উদ্দেশ্যে প্রলুব্ধ করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা আটক ব্যক্তির জন্য প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করছে। সম্প্রতি বিদেশি পর্যটকদের জড়িয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষাপটে থাইল্যান্ড সরকার ভিসা নীতি কঠোর করার কয়েক সপ্তাহের মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%